বাংলাদেশ ব্যাংক বিদেশি এয়ারলাইনসের টিকিট সরাসরি আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে কেনার অনুমতি দিয়েছে। এর ফলে যাত্রীরা ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর না করে নিজেদের কার্ড ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
বৈধ ভিসা থাকলে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য এই সুবিধা পাবেন। যেসব বিদেশি বিমান সংস্থার দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের নিজস্ব ব্যবস্থা নেই, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই সুবিধা বার্ষিক ভ্রমণ কোটার হিসাবের বাইরে থাকবে।




