বলিউডের কিংবদন্তী অভিনেত্রী রেখা আজ ১০ অক্টোবর ৭৩তম জন্মদিন পালন করছেন। রহস্যময়ী, সাহসী এবং নিজের ছন্দে সাবলীল রেখা তার দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের মুগ্ধ করেছেন। ‘সিলসিলা’, ‘উমরাও জান’-এর মতো ছবিতে তার অভিনয় আজও স্মরণীয়। অমিতাভ বচ্চনের সঙ্গে তার নাম যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছে।
জীবিকার তাগিদে মাত্র কিশোরী বয়সে রেখা চলচ্চিত্রে এসেছিলেন। নিজের ও পরিবারের আর্থিক দুরাবস্থা দূর করতে তিনি সংগ্রাম করেছেন। গায়ের রং কালো হওয়ায় এবং হিন্দি না জানায় শুরুতে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে তিনি বলিউডের অন্যতম সফল এবং চিরসবুজ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।




