সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্লাইদুবাই এয়ারলাইনসের ইসরায়েলগামী উড়োজাহাজে মাঝআকাশে ছিনতাইচেষ্টার অভিযোগে আটক সহ-পাইলট হাম্মাম আল-হাম্মামির (২৯) সঙ্গে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। হাম্মাম ওমানের নাগরিক এবং মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
গত সপ্তাহে ফ্লাইদুবাইয়ের ‘এফজেড ১০৭৩’ ফ্লাইটের ককপিটে জরুরি কুড়াল দিয়ে প্রধান পাইলটের ওপর হামলা চালান হাম্মাম। যাত্রীরা তাঁকে নিবৃত্ত করেন এবং অন্য দুই পাইলটের সহায়তায় উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) হাম্মামের অস্ট্রেলিয়া সংশ্লিষ্টতা তদন্ত করছে।









