রাজধানীর তাঁতীবাজারের ব্যস্ত সড়কে প্রিজন ভ্যান থামিয়ে মাস্ক পরা তিন ব্যক্তি নেমে আসেন। এদের দুজন আসামি, অন্যজন পুলিশ কর্মকর্তা। মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার এই দৃশ্য ধরা পড়েছে একাধিক সিসিটিভি ক্যামেরায়। পুলিশের সহায়তায় তাঁর পালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার আদালত থেকে ৩০ জন আসামিকে নিয়ে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছিল প্রিজন ভ্যানটি। তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে যানজটের মধ্যে প্রিজন ভ্যানের পেছনের দরজা খুলে দেওয়া হয়। উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস ভেতরে ঢুকে দুই আসামিকে নিয়ে বেরিয়ে আসেন। পিচ্চি রাজা আর গাড়িতে ওঠেননি, তিনি হেঁটে একটি প্রাইভেট কারে ওঠেন।








