জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সরকার চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে। তিনি বলেন, শিক্ষিত বেকারদের শেষ আশ্রয়স্থল এই সরকারি চাকরিতেও তারেক রহমানের সরকার প্রহসন করেছে। গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। লিখিত ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আট মাস ধরে অনিশ্চয়তা ও হয়রানির শিকার হয়েছেন তারা।
নাহিদ ইসলাম আরও জানান, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা জিডি নেই এবং অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে বা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে তাদের বাদ দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে নিরপরাধ প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার এবং বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানান।







