ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়ে কেউ তাঁর পদত্যাগ দাবি করেছেন, কেউ গ্রেপ্তারেরও দাবি তুলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন বাতিল করে নতুন করে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, দুই নির্বাচন কমিশনার গত ১০ মাসে অন্তত ১৪টি ভিন্নমত পোষণ করেছেন। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মতপার্থক্য স্বাভাবিক হলেও সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই গৃহীত হয়। তবে বিরোধী দলগুলো এই ব্যাখ্যা আমলে নিচ্ছে না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে 'ভোট চোর' আখ্যা দিয়ে দেশদ্রোহী বলেছেন এবং জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তার করে দেশদ্রোহের মামলা রুজু করার দাবি জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। প্রায় একই দাবি করেছেন শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে।






