প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গোৎসব উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে আসছেন। তার আগমন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর সামনে চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন বিশেষ প্রস্তুতি নিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি জেএম সেন হলে যাবেন। সেখানে তিনি পূজামণ্ডপ পরিদর্শন, কুশল বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, আর্থিক সহায়তা বিতরণ এবং বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে প্রায় সাড়ে ১২ হাজার আনসার ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।








