পাকিস্তানের আলোচিত নাটক ‘দার–ই–নাজাত’ নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে, বিশেষ করে জারিয়াব ও আবু বকরের একটি দৃশ্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন। নাটকে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম। নাটকের ১৪ ও ১৫তম পর্বে জারিয়াবকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘদিনের প্রেমিক ও শৈশবের বন্ধু জামিলের সঙ্গে বিচ্ছেদের পর উদ্বেগ ও বিষণ্নতায় ভুগছেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।
এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা প্রশ্ন তোলেন, জারিয়াবের একজন পুরুষের সাহায্যের চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল। অভিনেত্রী দুরেফিশান সেলিম এর জবাবে বলেন, নাটকটি নারী ও পুরুষের জন্য সমাজের আলাদা নিয়মকেই প্রশ্ন করছে। একজন পুরুষ ভুল করার পর অনুতপ্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেলেও নারীদের পুরোনো সিদ্ধান্তের দায় বেশি দিন বহন করতে হয়।


