ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবা (বিসিপি) সংগঠনটির দাবি, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বসতবাড়ির ভেতরে প্রতিষ্ঠিত গির্জায় (হাউস চার্চ) হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছেন। গত তিন মাসে খ্রিস্টানদের ওপর অন্তত ২৬টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে সংগঠনটি জানিয়েছে।
বিসিপি প্রতিষ্ঠাতা হেরোদ মল্লিক জানান, প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এসব ঘটনায় ১১টি এফআইআর নথিভুক্ত হয়েছে। ভয়ভীতি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে সংগঠনটি। খেজুরি ও ব্যারাকপুরে গির্জায় হামলা, যাজক ও উপাসকদের মারধর এবং হেনস্তার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।




