ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে ‘গণতন্ত্র বাঁচাও অভিযান’। এই কর্মসূচির অংশ হিসেবে ৬ অক্টোবর বিজেপি ছাড়া অন্য সব দলের সংসদ সদস্যরা নির্বাচন সদনে মিছিল করবেন। এছাড়া, ১ নভেম্বর দিল্লিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
খাড়গে আরও জানান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দখলের বিষয়ে জানাবেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্র বিপন্ন হবে এবং জ্ঞানেশ কুমারের মতো শাসকের হাতের পুতুল গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।




