ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জনগণকে সাথে নিয়ে এবং তাদের রায় নিয়েই প্রতিটি কাজ করা হবে। জনগণের আস্থা অর্জন করে আগামীতে দেশ পরিচালনা করা হবে এবং সব ধরনের অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে দল ও জনগণ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িতরা বিএনপির লোক হতে পারে না এবং এমন অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলের কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা ফ্যামিলি কার্ড, কৃষকদের ভর্তুকি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে রূপান্তরের পরিকল্পনা এবং পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।





