দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জরুরি নির্দেশনায় এই আহ্বান জানান।
অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্যও বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।








