বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ক্যারিয়ারের শুরুর দিকে নানা বৈষম্য ও অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন। সম্প্রতি তিনি জানান, একটি ছবিতে অভিনয়ের জন্য তারিখ দেওয়ার পরও তাঁকে বাদ দেওয়া হয়েছিল শুধু নায়কের স্ত্রী না চাওয়ার কারণে। কখনো তাঁকে যথেষ্ট সুন্দরী না বলা হয়েছে, আবার কখনো ছবির সেটে নিজের সংলাপ নিয়েও বিপত্তিতে পড়েছেন।
একবার একটি ছবির ডাবিংয়ের সময় নায়ক তাঁর একটি সংলাপ পছন্দ না করায় সেটি বদলে ফেলার কথা বলা হয়। তাপসী রাজি না হওয়ায় অন্য শিল্পী দিয়ে সেটি ডাব করানো হয়। এছাড়া, নায়কের চরিত্রকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তাঁর নিজের প্রবেশদৃশ্যও পরিবর্তন করা হয়েছে। পারিশ্রমিক কমানোর জন্যও নায়কের আগের ছবির ব্যবসায়িক ব্যর্থতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে।


