ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে পুলিশি তৎপরতা ও ধরপাকড়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। অভিনেতা প্রকাশ রাজ পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, 'গ্যাংস অব ওয়াসিপুর' খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ বিক্ষোভকারীদের সাহসিকতার প্রশংসা করেছেন।
ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। পূর্ব ঘোষিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করা কয়েকশ মানুষ, সাংবাদিক ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে পুলিশ। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকা তাদের ক্ষোভ জানিয়েছেন।






