প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন। তিনি বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে জাতিসংঘ মহাসচিবের দেওয়া স্বাগত প্রাতঃরাশ, অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত অভ্যর্থনা। ২৩ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবেলা বিষয়ক সভায় বক্তব্য দেবেন। এছাড়া, তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন এবং জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও জলবায়ু ন্যায়বিচারের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।







