কয়েক দশকের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টম ক্রুজ। নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এ জলবায়ু পরিবর্তনের রাজনীতি ও করপোরেট লোভের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে তাকে পরিবেশগত সঙ্কটে পড়া এক বয়স্ক ও বিপর্যস্ত শিল্পপতির চরিত্রে দেখা যাবে। ১৩ কোটি ডলার বাজেট এবং ব্যাপক প্রচার-প্রচারণায় নির্মিত মেক্সিকোর একাধিক অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ডার্ক কমেডিটি বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
চলচ্চিত্রটিতে নিজের চিরাচরিত অ্যাকশন চরিত্র থেকে সরে এসে টম ক্রুজকে একজন খনি ও তেল ব্যবসায়ী হিসেবে প্রায় অচেনা রূপে দেখা যাবে। মূল চিত্রনাট্যে তাকে নিজের বিবেক এবং তার সম্পদ ও ব্যবসার সমালোচকদের সাথে দ্বন্দ্বে জড়াতে দেখা যায়। চলতি মাসের শুরুতে জিকিউ ম্যাগাজিনকে ৬৪ বছর বয়সী ক্রুজ বলেন, ‘এটি আমার সব দক্ষতার চূড়ান্ত প্রয়োগ। এটাই আমার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।’




