বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ মুম্বাইয়ের একটি ১০ বাই ১০ ফুটের চাওলে বড় হয়েছেন। জীবনের প্রথম ৩৩ বছর তিনি সেখানেই কাটিয়েছেন। অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও কিছুদিন তিনি সেখানে ছিলেন। তবে ২০০৩ সালে 'বুম' সিনেমা প্রযোজনার পর ভয়াবহ আর্থিক সংকটে পড়ে তাঁর পরিবার। বাড়ির আসবাবপত্র, এমনকি চার শয্যার ফ্ল্যাটও বিক্রি করতে হয়। পরে স্ত্রী আয়েশা ও দুই সন্তানকে নিয়ে ছোট বাড়িতে উঠতে বাধ্য হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ তাঁর জীবনের এই উত্থান-পতনের গল্প বলেছেন। তিনি জানিয়েছেন, এত বছর পরও চাওলের স্মৃতি তাঁর কাছে অমলিন। বাড়ির মালিক রাজি না হলেও তিনি মাঝেমধ্যে সেখানে যান এবং বারান্দায় দাঁড়িয়ে পুরোনো দিনের কথা মনে করেন।








