মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দ্বীপটির নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতেই রাখার বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর ডেনমার্ক সরকার সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। চুক্তিটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের শীর্ষ নেতারা এটিকে স্বাগত জানিয়েছেন। প্রায় ৫৬ হাজার মানুষের বসবাসকারী গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের উদ্বেগের সমাধানে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা গোপনে আলোচনা চালিয়ে আসছিলেন।
শুক্রবার ট্রাম্প বলেন, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডে নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সংক্রান্ত সব উদ্বেগের সমাধান করবে। যদিও দীর্ঘদিনের একটি নিরাপত্তা চুক্তির আওতায় সেখানে মার্কিন সেনা মোতায়েনের সুযোগ যুক্তরাষ্ট্রের আগে থেকেই রয়েছে। নতুন চুক্তিটি বিদ্যমান ব্যবস্থার চেয়ে কীভাবে আলাদা হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে গ্রিনল্যান্ডে আরও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপিত হতে পারে।







