খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য আমদানি, পরিবহন, সংরক্ষণ, গুণগতমান পরীক্ষা ও বিতরণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে।



