কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে তাজমিনকে ৩০০ টাকা ভাড়ায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। পরে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। হত্যার পর তাজমিনের মুঠোফোন নিয়ে চট্টগ্রামে পালিয়ে যান সুমন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকা থেকে তাজমিনের মুঠোফোন উদ্ধার করা হয়।





