ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।






