উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে তাদের প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র মাউন্ট মানতাপের আশেপাশে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়েছে বলে এক গবেষণায় জানা গেছে। ২০১৭ সালে দেশটির সর্বশেষ পারমাণবিক পরীক্ষার পর থেকে ওই এলাকায় ভূকম্পন অব্যাহত রয়েছে। প্রায় ২ হাজার বছর ধরে ভূমিকম্পহীন থাকা এই অঞ্চলে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১ হাজার ৩৯৯টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে, যা অস্বাভাবিক বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গবেষকদের মতে, পারমাণবিক পরীক্ষার ফলে মাউন্ট মানতাপের নিচের ভূস্তর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। পরীক্ষার কারণে বিদ্যমান ভূতাত্ত্বিক ফাটলগুলো সক্রিয় হয়ে নতুন ফাটল তৈরি হয়েছে, যেখানে পানি জমে শিলাস্তরের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলেই একের পর এক ছোট ছোট ভূমিকম্প ঘটছে বলে ধারণা করা হচ্ছে।







