উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে তিন ঘণ্টার ব্যবধানে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, রবিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে পড়ে। এর প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে একই এলাকা থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যা ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ধারণা করছে, ক্ষেপণাস্ত্রগুলো হোয়াসং-১১ সিরিজের। জাপানও প্রথম উৎক্ষেপণটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করেছে এবং এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছে।







