মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে প্রায় ৯০৭ কেজি ওজনের ৬০ হাজার ভারী বোমা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। প্রায় ২৮০ কোটি ডলারের এই অস্ত্র চুক্তির সিংহভাগ অর্থ আসবে যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি ফাইন্যান্সিং কর্মসূচি থেকে। প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রয়েছে ২০ হাজার এমকে-৮৪, ২০ হাজার বিএলইউ-১১৭ এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর বোমা।
এই বোমাগুলো বড় ভবন, সুরক্ষিত স্থাপনা ধ্বংস এবং মাটির নিচের শক্ত কাঠামো ভেদ করে বিস্ফোরণের জন্য তৈরি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে এবং বিষয়টি অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হয়েছে। এই বিপুল অস্ত্র সরবরাহের খবর এমন সময়ে সামনে এসেছে, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইসরায়েলের বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কথা উঠে আসছে।







