মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ৪,৫১০ কোটি ডলার খরচ হয়েছে। এর মধ্যে ৪,৩৬০ কোটি ডলার সরাসরি যুদ্ধাস্ত্র ও সামরিক অভিযানে এবং অতিরিক্ত জ্বালানি বাবদ ১৫০ কোটি ডলার ব্যয় হয়েছে। এই হিসাব চলমান যুদ্ধের পূর্ণাঙ্গ চিত্র নয়, কারণ এতে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও ভবন মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।
পেন্টাগনের দেওয়া এই ব্যয় প্রাক্কলন কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) অনুমানের চেয়ে বেশি। সিবিও ধারণা করেছিল, ১ আগস্ট পর্যন্ত এই যুদ্ধে প্রায় ৩,৮০০ কোটি ডলার খরচ হতে পারে। সিবিও আরও জানিয়েছে, যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে যুক্তরাষ্ট্রের আরও প্রায় ২০০ থেকে ৩০০ কোটি ডলার খরচ হতে পারে এবং ২০২৭ সালের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে।







