পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত এবং এই প্রতিশ্রুতি শর্তহীন। তিনি বলেন, হারামাইন শরিফাইন (মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ) ও সৌদি আরবের নিরাপত্তার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নেবেন।
সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র লড়াই চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এই অঙ্গীকার এল। আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের জনগণ সৌদি আরবের জনগণের পাশে আছে এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় দেশটি পাশে থাকবে।







