রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ১,৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৪৫০টি মস্কোর দিকে আসছিল। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, পৃথক দুটি ঘটনায় এক নারী ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। একটি ২১ তলা ভবনে ড্রোন আঘাত হানলে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়।
মস্কো অয়েল শোধনাগারের একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মেয়র সোবিয়ানিন অভিযোগ করেছেন, তিন দিনের পার্লামেন্ট নির্বাচন ব্যাহত করতেই ইউক্রেন এই হামলা চালিয়েছে, তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর তাদের বিভিন্ন এলাকায় ১৩৮টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১০১টি ভূপাতিত করা হয়েছে।







