যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। এর অংশ হিসেবে ন্যাটোর সমন্বয়ে পরিচালিত অস্ত্র কেনার কর্মসূচি স্থগিত এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের হুমকি দিয়েছে ওয়াশিংটন। ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের উচ্চমূল্যের পেছনে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ কারণেই তিনি হামলা বন্ধ করতে চাপ দিচ্ছেন। ন্যাটোর প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট (পিইউআরএল) কর্মসূচির আওতায় ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম কেনা হয়, যেখানে মিত্রদেশগুলো ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।






