নির্মাতা সঞ্জয় লীলা বানসালী ও আলিয়া ভাটের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর এবার আলিয়ার চরিত্রের প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। তবে রণবীরের পোস্টারের মতো প্রশংসা কুড়াতে পারেনি আলিয়ার লুক; বরং এটি নিয়ে নানা তুলনা ও আলোচনা শুরু হয়েছে। পোস্টারে আলিয়াকে ম্যাজেন্টা–লাল রঙের পোশাকে দেখা গেছে, যা ক্যাবারে নৃত্যশিল্পীর সাজের কথা মনে করিয়ে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এই লুককে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা অতিরিক্ত সম্পাদনা করা বলে মনে করছেন। আবার অনেকের কাছে আলিয়ার সাজ নতুন মনে হয়নি, বরং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁরা। তবে অনেক ভক্ত আলিয়ার নতুন অবতার দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।


