আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের উদ্দেশে বলেছে, তাদের ভূখণ্ডে কোনো সামরিক অভিযান চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, পাকিস্তান যদি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে আফগানিস্তানে সামরিক অভিযান চালায়, তবে আত্মরক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে।
মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের নিরাপত্তা সমস্যার সমাধান তাদের নিজেদেরই করতে হবে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা বেলুচ গোষ্ঠীগুলোর কারণে পাকিস্তানে যে অস্থিরতা রয়েছে, তা তালেবান ক্ষমতায় আসার আগের ঘটনা। তবে তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপত্তা উদ্বেগ দূর করার পথ খোলা রেখেছেন।







