অভিনয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী অভিনয় বিষয়ক মাস্টারক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘থিওরি অব অ্যাক্টিং’ এবং ‘আর্ট অব অ্যাক্টিং’ শীর্ষক দুটি ভিন্নধর্মী সেশনে অভিনয়ের তত্ত্ব ও শিল্পবোধ নিয়ে আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্ক এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
এই আয়োজনের প্রধান আকর্ষণ অভিনেতা মোশাররফ করিম, যিনি প্রথমবারের মতো শিক্ষক হিসেবে তাঁর অভিনয় জীবনের অভিজ্ঞতা ও শিল্পবোধ ভাগ করে নেবেন। তিনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনের মতো বিভিন্ন মাধ্যমে অভিনয়ের অভিজ্ঞতা থেকে একজন অভিনেতার প্রস্তুতি, চরিত্রকে বোঝা, আবেগ প্রকাশ এবং ক্যারিয়ার গড়ার নানা কৌশল তুলে ধরবেন। ডক্টর ইউসুফ হাসান অর্ক অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, বিভিন্ন অভিনয় পদ্ধতি এবং চরিত্র নির্মাণে স্তানিস্লাভস্কির ভাবনা নিয়ে আলোচনা করবেন।










