জনপ্রিয় কমেডিয়ান ও ইউটিউবার সুমন রায়না এবং 'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, তারা চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা করছেন। আবার কিছু পোস্টে বলা হচ্ছে, তাদের বিয়ে নাকি জুলাই মাসেই সম্পন্ন হয়েছে। তবে এই গুঞ্জনগুলোর কোনোটিই সুমন বা মেধা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় সুমন রায়নার অনুষ্ঠান 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ মেধার উপস্থিতির পর থেকে।
অনুষ্ঠানে দুজনের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, সুমন ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সুমনের পরিবারের ঘনিষ্ঠ এবং তার মায়ের সঙ্গে কথা বলেই বিয়ের খবরটি জানতে পেরেছেন।










