বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির চাপ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। মুদ্রানীতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭.৫০ শতাংশে বহাল রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আগেভাগে মুদ্রানীতি শিথিল করলে মূল্যস্ফীতির প্রত্যাশা বাড়তে পারে। যদিও সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যবৃদ্ধি এবং জ্বালানির দাম বাড়লে তা নতুন করে চাপ তৈরি করতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও এখনো দুর্বল রয়েছে।





