‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ডা. কানিজ ফাতেমা ছোঁয়া। রাজধানীর একটি হোটেলে গত ৩১ অক্টোবর এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভাকে তুলে ধরা হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. রিফা তামান্না।
খুলনার মেয়ে কানিজ ফাতেমা ছোঁয়া রাশিয়ার রস্তভ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি অভিনয়, গান, নাচ ও ছবি আঁকার প্রতিও আগ্রহী। তিনি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে চান এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন।












