ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউইয়র্কে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সম্পর্কে খোলামেলা সমালোচনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের প্রতি যুক্তরাষ্ট্র সংবেদনশীলতার পরিচয় দেয়নি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের আত্মকেন্দ্রিক বাণিজ্যনীতি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ভারত এই নতুন অবস্থান নিয়েছে। এর আগে ভারত সাধারণত বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে মতবিরোধ নীরবে সামাল দিত। তবে বর্তমানে নয়াদিল্লির এই পরিবর্তিত অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেশে তাঁর ওপর যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকারের অভিযোগ বাড়ছে।



