ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করে যাত্রীদের জীবন বাঁচানোর জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে পাঁচ বছরের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতের অনলাইন ভ্রমণ সংস্থা ইজমাইট্রিপ। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সহপাইলটের হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত অবস্থায়ও তিনি বিমানটিকে ছিনতাই বা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সাহসিকতার প্রশংসা করে বলেছেন, চরম বিপদের মুখেও তিনি অসীম সাহস দেখিয়েছেন। বর্তমানে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।



