ফ্রান্সের বিভিন্ন শহরে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দের দাবিতে দেশজুড়ে সাত শতাধিক হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। গতকাল শুক্রবার বিভিন্ন শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও ঢুকে পড়েছেন।
বিচারমন্ত্রী বলেছেন, পরিস্থিতি এখন শুধু হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে সীমাবদ্ধ নেই, এটি জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনায় পরিণত হয়েছে। সহিংস বিক্ষোভের কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছে। বিক্ষোভকারীদের কাছ থেকে পেট্রলবোমা, কুঠার ও আতশবাজি জব্দ করা হয়েছে।



