আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এই দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে, যা রাশিয়ার তেল সরবরাহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তবে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে তেলের দাম এখনো চড়া রয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরেই অবস্থান করছে।
সোমবার (১২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে এবং যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, ফলে তেলের ভবিষ্যৎ দাম যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহের ওপর নির্ভরশীল থাকবে।





