বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে দুষ্কৃতকারীরা ভাঙচুর চালিয়ে দানবাক্সের অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে। এ সময় মন্দিরের দুটি প্রতিমা পাশের ডোবা ও ধানখেতে ফেলে দেওয়া হয়। উপজেলার ভাটরা ইউনিয়নের ডহরপুর কালীমাতা মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত জানান, রাতে পূজা শেষে বাড়ি ফেরার পর সকালে মন্দিরে এসে ভাঙচুর ও চুরির বিষয়টি দেখতে পান।
স্থানীয়রা ডোবা থেকে একটি প্রতিমা উদ্ধার করলেও অন্যটি ধানখেতে পড়ে থাকতে দেখা যায়। মন্দির কমিটির অভিযোগ, দানবাক্সের নগদ টাকা ছাড়াও কাঁসার ঘণ্টা, ত্রিশূল ও থালা-বাসনসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।









