যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের চলতি মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৯টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২২৩ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম সরবরাহের চুক্তির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ ডলার ১০ সেন্টে পৌঁছায়।
শুক্রবার প্রকাশিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে কৃষি খাতের বাইরে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র ২৯ হাজার, যা আগস্টের সংশোধিত হিসাবের চেয়ে অনেক কম। কর্মসংস্থান বৃদ্ধির গতি কমে যাওয়ার তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের দর কিছুটা কমেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে ডলার শক্তিশালী অবস্থানে থাকার পথে রয়েছে।




