সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমান পাইলটদের মধ্যে মারামারির জেরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে। ঘটনার সময় বিমানটি জর্ডানের আকাশসীমায় ছিল এবং তিনটি জরুরি সংকেত পাঠায়, যার একটিতে বিমানে সম্ভাব্য বেআইনি হস্তক্ষেপের কথা জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন এবং তাকে ককপিট থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। অন্য যাত্রীরা হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন এবং সম্ভাব্য ছিনতাই বা আত্মহত্যার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখছেন।



