দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও দেশটির তেল বিক্রির শত শত কোটি ডলারের ওপর ওয়াশিংটনের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রয়েছে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর গঠিত ‘ডেভেলপমেন্ট ফান্ড ফর ইরাক’ (ডিএফআই) তহবিলের অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়। এই ব্যবস্থা সাদ্দাম হোসেনের আমলের দেনা ও মামলা থেকে ইরাকের তেল আয়কে সুরক্ষা দিতে চালু হয়েছিল এবং পরবর্তী মার্কিন প্রেসিডেন্টরা তা নবায়ন করে আসছেন।
ইরাকের জাতীয় বাজেটের প্রায় ৯০ শতাংশ আয় তেল রপ্তানি থেকে আসে, যার পুরো অর্থই জমা হয় ফেডারেল ব্যাংকের ওই অ্যাকাউন্টে। ফলে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার নিয়ন্ত্রণ অনেকটাই ওয়াশিংটনের হাতে। ২০২০ সালে ইরাক সরকার সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুরোধ জানালে ওয়াশিংটন এই ফান্ডের ওপর প্রবেশ বন্ধের হুমকি দেয়, যার ফলে বাগদাদ পিছু হটতে বাধ্য হয়। যদিও কিছু ইরাকি কর্মকর্তা এই ব্যবস্থাকে আর্থিক স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য সহায়ক বলে মনে করেন, তবে এটি দেশটির পূর্ণাঙ্গ অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।



