ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৪৪০ জনকে আটক করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক সংকট ও দীর্ঘ ক্লাস সূচির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও স্কুল অবরোধের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের বেশিরভাগই শিশু বা কিশোর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রায় ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৪০০টি বিক্ষোভ বা বিক্ষোভজনিত বিশৃঙ্খলায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর লিলে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ময়লার ঝুড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও বিভিন্ন বস্তু ছোড়ে। বিক্ষোভকারীরা বাসের অপেক্ষাকেন্দ্র ও বিজ্ঞাপনের বোর্ড ভাঙচুর করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে ৪৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।



