দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার হতে পারে। ৬৮ কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের স্বাদ, মান ও বৈচিত্র্যের সঙ্গে ভোক্তাদের চাহিদার যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। তবে, পণ্যের মান, আন্তর্জাতিক সনদ, প্যাকেজিং এবং খাদ্যনিরাপত্তার মতো বিষয়গুলোতে সক্ষমতা বাড়াতে পারলে আসিয়ান বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি সম্প্রসারণের একটি বড় গন্তব্য হয়ে উঠতে পারে।
আসিয়ানভুক্ত দেশগুলোতে ফুড ও বেভারেজ মার্কেটের বাজার প্রায় ৬৫০ বিলিয়ন ডলারের, যার মধ্যে প্যাকেটজাত খাদ্যের বাজারই প্রায় ২০০ বিলিয়ন ডলার। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হালাল ফুডের বাজার ১০০ বিলিয়নের বেশি। প্রাণ গ্রুপ আগামী পাঁচ বছরে আসিয়ানভুক্ত দেশগুলোতে ১০০ মিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করতে চায়। তবে, অধিক শুল্কহার ও হালাল সনদের গ্রহণযোগ্যতার মতো প্রতিবন্ধকতাগুলো দূরীকরণে সরকারি পর্যায়ে কাজ করা প্রয়োজন।










