ইরান হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রফতানি সচল রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তায় আরব দেশগুলোর পরিচালিত একটি বিকল্প তেল পরিবহন ব্যবস্থাকে সরাসরি নিশানায় নেওয়ার হুমকি দিয়েছে। দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা মোহসেন রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ছোট জাহাজ থেকে বড় তেলবাহী ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের যে ব্যবস্থা চালু রয়েছে, সেটি এখন তেহরানের লক্ষ্যবস্তু।
ইরানের এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রফতানি যুদ্ধ-পূর্ববর্তী মাত্রার কাছাকাছি পৌঁছানোর দাবি করেছেন ট্রাম্প। ইরানের বক্তব্যের তাৎপর্য হলো, বিকল্প পথে তেল পরিবহন যতই বাড়ুক, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি থেকে সরে আসতে রাজি নয় তেহরান।






