সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাওয়া যাবে। নতুন কাঠামো অনুযায়ী, সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নবম পে স্কেল অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ এবং নিচের গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতনের ৫০ শতাংশ জুলাই থেকে কার্যকর হবে। ১ জানুয়ারি ২০২৭ থেকে জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ শতাংশ এবং ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির বাকি শতভাগ কার্যকর হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধিও চালু হবে। অন্যান্য ভাতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের হারেই থাকবে, নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।







