প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ প্রদান ও জাতীয় মানদণ্ড অনুযায়ী সনদ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে সনদপ্রাপ্তরা কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন তিনি।







