প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। দুর্গাপূজার জন্য হিন্দু কল্যাণ ট্রাস্টের চাওয়া ৪ কোটি টাকার বিপরীতে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য চাওয়া ২ কোটি টাকার বিপরীতে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রতিবারের চেয়ে এবার অনুদান এক কোটি টাকা করে বাড়ানো হয়েছে। ছুটি বৃদ্ধির এই সিদ্ধান্ত উৎসব উদযাপনে বাড়তি আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর 'আন্তরিক প্রয়াস' এবং 'ভিন্ন দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছেন।



