রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান অক্টোবর থেকে বাংলাদেশে আসার তথ্য দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রসাটম। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় ইউরেনিয়ামের একটি চালান না আসার মধ্যে এই তথ্য দিল রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে রসাটম বলেছে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হবে অক্টোবর মাসে এবং ডিসেম্বর পর্যন্ত সরবরাহ কার্যক্রম চলতে থাকবে।
সব প্রস্তুতি থাকার পরও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রূপপুরের পারমাণবিক জ্বালানির চালানবাহী বিমান রাশিয়া থেকে দেশে আসতে পারেনি। প্রথম ইউনিটে রিফুয়েলিংয়ের জন্য ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি আসার কথা ছিল। প্রকল্প পরিচালক কবির হোসেন জানান, আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।





