প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার চীনের বিদায়ি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামুদির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা আরো বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, রেলওয়েসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।





